পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি বাংলাদেশের সবসময় গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থান ও ধর্মীয় স্থাপনার সুরক্ষায় সৌদি আরবের সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও জোর দিয়ে বলা হয়, যেকোনো মূল্যে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতা সবসময় পূর্ণাঙ্গভাবে সম্মান করতে হবে এবং তা কঠোরভাবে নিশ্চিত করা জরুরি। ইসলাম ধর্মের পবিত্রতম স্থানে এ ধরনের আক্রমণাত্মক ঘটনা বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।