মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই আইনি লড়াকু হিসেবে লড়তে চান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে তার ছেলে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক) এই ইচ্ছার কথা জানান।
তার ছেলে জানান, শামসুল হক টুকু কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্স করতে আগ্রহী। এই উদ্দেশ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ১৭ ধারা অনুযায়ী মামলার প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস সরবরাহের জন্য মৌখিক আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর শাপলা চত্বরের মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিনকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন গণমাধ্যমকে জানান, শামসুল হক টুকু পেশায় একজন আইনজীবী। তার পক্ষে পূর্বে অন্য কোনো আইনজীবী ওকালতনামা দিয়ে থাকলে নিয়ম অনুযায়ী তাঁর মাধ্যমেই নথিপত্র নিতে হবে, নতুবা তিনি নিজেই নথিপত্র পাওয়ার অধিকার রাখেন। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১৭ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির নিজের আত্মপক্ষ সমর্থন কিংবা পছন্দমতো আইনজীবী নিয়োগের পূর্ণ আইনি অধিকার রয়েছে।