গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরানোর পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তাকে অবিলম্বে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়। ওই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠায় পুলিশ বাহিনীতে তোলপাড় সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় প্রথমে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে বদলি করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয় এবং পরবর্তীতে ডিসি এম তানভীর আহমেদকেও প্রত্যাহার করা হলো।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী বলেন, ‘প্রশাসনিক কারণে ডিসি এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে এই মুহূর্তে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।’