বিনোদন ডেস্ক
ওটিটি মাধ্যমে তোলপাড় সৃষ্টি করা জনপ্রিয় ড্রামা সিরিজ 'মির্জাপুর' এবার সিনেমা হলে বড় পর্দায় নতুন ইতিহাস গড়েছে। থিয়েটারে মুক্তির পর থেকেই দর্শক ও ভক্তদের অভূতপূর্ব সাড়া পাওয়া 'মির্জাপুর দ্য মুভি' ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপির আয়ের ঐতিহাসিক অভিজাত ক্লাবে প্রবেশ করেছে। ওটিটি প্ল্যাটফর্মের কালিন ভাইয়া, গুড্ডু পণ্ডিত এবং মুন্না ত্রিপাঠিদের বড় পর্দায় একফ্রেমে দেখার কৌতুহলই ছবিটিকে বাণিজ্যিক দিক থেকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
বক্স অফিস ট্রেকিং প্রতিষ্ঠান স্যাকনিল্কের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহের শেষ দিনেও (১৪তম দিন) চলচ্চিত্রটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থেকে চমৎকার ব্যবসা চালিয়েছে। দ্বিতীয় সপ্তাহের শেষ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিনেমাটি শুধু ভারতের অভ্যন্তরীণ বাজার থেকেই আয় করেছে ৩.৭৫ কোটি রুপি। এই আয়ের ওপর ভর করে এখন পর্যন্ত শুধু ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটির সর্বমোট নিট কালেকশন দাঁড়িয়েছে ২০৩.২০ কোটি রুপিতে।
গুরমিত সিংয়ের চমৎকার পরিচালনা এবং পুনীত কৃষ্ণের সংবেদনশীল গল্পে নির্মিত এই ফিচার ফিল্মটির প্রেক্ষাপট সাজানো হয়েছে ওটিটি অরিজিনাল সিরিজের প্রথম সিজনের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়ের নানা ঘটনাকে কেন্দ্র করে। ওটিটি সিরিজের পরবর্তী সিজনগুলোতে যেসকল জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ চরিত্র মারা গিয়েছিল, নির্মাতারা এই সিনেমার মাধ্যমে সেই চরিত্রগুলোকে রূপালী পর্দায় পুনরায় ফিরিয়ে এনেছেন। বিশেষ করে দিব্যেন্দু অভিনীত অত্যন্ত আলোচিত ‘মুন্না ত্রিপাঠি’ এবং শ্বেতা ত্রিপাঠির ‘গোলু গুপ্তা’ চরিত্র দুটিকে নতুন প্রেক্ষাপটে একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শক ও ভক্তরা।
বিগ বাজেটের এই অ্যাকশন ড্রামা সিনেমাটি এক্সেল এন্টারটেইনমেন্টের নিজস্ব ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন নামকরা প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। এতে আগের মতোই তাদের চিরচেনা রূপে কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল এবং মুন্না ত্রিপাঠি হিসেবে দিব্যেন্দু অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগল, শ্রিয়া পিলগাঁওকর, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, সোনাল চৌহান, মোহিত মালিক ও সুশান্ত সিং।
আকাশজমিন / আরজে