কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিশুসন্তান অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে আটক সন্দেহভাজন আসামি তুহিনের (১৯) বিরুদ্ধে এবার মোটরসাইকেল চুরির পুরোনো অভিযোগ সামনে এসেছে। একই সাথে অতীতে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে গেলেও পুলিশ কোনো আইনি পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি চেপে যায় বলে দাবি করেছেন এক ভুক্তভোগী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অপ্রতিম হত্যা মামলায় তুহিন আটকের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্তারিত পোস্ট দেন আসাদুল্লাহ সোহাগ নামে এক তরুণ। পোস্টে তিনি অভিযোগ করেন, অতীতে তুহিন তাকেও একইভাবে প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে তার মোটরসাইকেলটি আত্মসাৎ করেছিল। সোহাগ উল্লেখ করেন, “যে তুহিন আগে চোর ছিল, বিচার না হওয়ায় আজ সে খুনিতে পরিণত হয়েছে। ওই সময় ঘটনাটি নিয়ে সদর দক্ষিণ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না লিখে সাধারণ ডায়েরি (জিডি) করে ছেড়ে দেয়। উল্টো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তুহিনের মাথার ওপর রাজনৈতিক প্রভাবশালী নেতার হাত রয়েছে, তাকে যেন কিছু না করা হয়।” ছোট অপরাধের শাস্তি না পাওয়ায় পরবর্তীতে সে বড় ধরনের অপরাধ করার দুঃসাহস পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর সপক্ষে তিনি থানায় দায়ের করা আবেদনের কপি, হারানো বাইক ও তুহিনের ছবি প্রকাশ করেন।
অন্যদিকে, জেলা পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, অপ্রতিম নিখোঁজ হওয়ার সময় তার কাছে থাকা মায়ের আইফোনটি আটক তুহিনের বসতবাড়ি থেকেই উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, দামি আইফোনটি ছিনতাই করার উদ্দেশ্যেই অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি পুলিশ প্রশাসন। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পুলিশ তুহিন ও আনাস নামে দুই তরুণকে আটক করার তথ্য নিশ্চিত করেছে। নিহত অপ্রতিম কোটবাড়ি বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে ঘর থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরবর্তীতে ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।