শেরপুরের নালিতাবাড়ীতে পরিবারের অমতে ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট এবং অন্যত্র বিয়ের আলোচনা সহ্য করতে না পেরে আবেগঘন চিরকুট লিখে আত্মহত্যা করেছে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধারের পাশাপাশি মরদেহের পাশ থেকে একটি হাতে লেখা চিরকুট জব্দ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে আন্ধারুপাড়া গ্রামে নিজের বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই শিক্ষার্থীর মা। তিন বোনের মধ্যে ওই কিশোরী ছিল দ্বিতীয়। সম্প্রতি তার বিয়ের জন্য অন্য জায়গা থেকে প্রস্তাব এলে পরিবার তাতে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রতিবেশী এক যুবকের সঙ্গে কিশোরীর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে বেশ কিছুদিন ধরে তার তীব্র মনোমালিন্য চলছিল। অন্য কোথাও বিয়ে দেওয়া হলে পরিণতি ভালো হবে না ভেবে শনিবার সন্ধ্যায় পরিবারের সবার অজান্তে চরম সিদ্ধান্তের পথ বেছে নেয় সে।
মরদেহের পাশে উদ্ধার হওয়া চিরকুটে মায়ের উদ্দেশ্যে কিশোরীটি লিখে গেছে, “মা তুমি আমারে মাফ কইরা দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু তোমার মাথা ধরে যে আমি তোওবা কাটছি।” চিঠিতে ভালোবাসার আকুতি জানিয়ে সে আরও লেখে, “মা, তুমি কি একবারও ভাবছিলা আমি তারে পাইলে সুখ পাবো। হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম। কারণ তারে যে আমি ভালোবাসি।”
অন্য কারও সঙ্গে বিয়ের সম্ভাবনার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সে স্পষ্ট করে, “তারে ছাড়া যদি তোমরা অন্য কারো সাথে বিয়ে দিতা, সত্যি কইতাছি মরার মতো বাঁচতাম।” পাশাপাশি পছন্দের মানুষটিকে কোনোভাবে দায়ী না করার অনুরোধ জানিয়ে সে লেখে, “এখানে কারো দোষ নাই। তাও যদি তোমরা তারে অপরাধী হিসাবে দোষ দেও, তাইলে আমি মইরা গেলেও শান্তি পাইতাম না।” চিরকুটের শেষে নিজেকে ‘তোমার কপাল পোড়া’ হিসেবে উল্লেখ করে এই কিশোরী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে ঝুলন্ত মরদেহ ও উদ্ধার হওয়া চিরকুটটি জব্দ করেছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।