ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১২৩৬ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্তে তোলপাড় যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরেই রেকর্ড ৮৭ প্রাণহানি: ডেঙ্গুতে মোট মৃত্যু ১৮৪ ইসরায়েলকে ৪০ হাজার বোমা দেওয়া স্থগিত যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ মাসে ১৫৫ শিশুর মৃত্যু, নিখোঁজ এখনও ২০৩৮ জন পারমাণবিক পরীক্ষার জেরে উত্তর কোরিয়ায় ১,৩৯৯ বার ভূমিকম্প! ‘তারে পাইলে দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’: চিরকুট লিখে স্কুলছাত্রীর কান্ড সৌদির জ্বালানি স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে সাইরেন হকিতে শক্তিশালী চীনের কাছে ১৩ গোল হজম করল লাল-সবুজরা

নাশকতা ঠেকাতে কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরও আওয়ামী লীগের চলমান কর্মসূচি বা কথিত লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ও জনগণ মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের বেলায় ককটেল বিস্ফোরণ এবং পার্কিং করা বাসে আগুন দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব অপতৎপরতা চালানো হয়েছে বলে তারা মনে করছেন। ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। অন্য ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।


মন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডে জনগণ বা সরকার আতঙ্কিত নয়। তার দাবি, দেশবাসী ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে।


বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা এবং কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচিতে প্রয়োজনীয় সহযোগিতা করেছে।


রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জনমতের মাধ্যমেই হবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সরকারের প্রধান দায়িত্ব হিসেবে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার কথা বলেন তিনি।


বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। বিগত সময়ের পুঞ্জীভূত সমস্যার কারণে সাময়িক সংকট দেখা দিলেও দেশের নিজস্ব সম্পদ আহরণে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।


শিল্প খাতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এর অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ইতোমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়িয়ে ভবিষ্যতে গ্যাসের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধানের আশা প্রকাশ করেন তিনি।


এদিকে রাজধানীর তেজগাঁওয়ের একটি মসজিদে নামাজের পর গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটকের বিষয়েও ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছিল। পরে আটক ব্যক্তিদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমন ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


অন্যদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে নতুন একটি উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল বলে জানান মন্ত্রী। যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে।


এ সম্পর্কিত আরো খবর