ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে দ্রুতগামী একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে মুম্বাইয়ের ব্যস্ততম কোস্টাল রোডে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণহীন গাড়িটি উড়ালসেতুর সীমানাপ্রাচীর ভেঙে সজোরে নিচে আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, কালো রঙের একটি বিএমডব্লিউ গাড়ি মেরিন ড্রাইভ এলাকা থেকে হাজি আলীর অভিমুখে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল। যাত্রাপথে ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে কোস্টাল রোডে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশের সীমানাপ্রাচীর ও একটি ঝুলন্ত নির্দেশক সাইনবোর্ড ভেঙে সেতু থেকে নিচে পড়ে যায়। আছড়ে পড়ার তীব্রতায় গাড়িটির ছাদ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়, সামনের উইন্ডশিল্ড চূর্ণবিচূর্ণ হয় এবং ইঞ্জিনসহ সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে কোস্টাল রোড কন্ট্রোল রুম থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি থেকে চারজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত ২০ বছর বয়সী এক যুবককে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে স্থানীয় পুলিশ। তাঁরা হলেন ২১ বছর বয়সী শনয় গজ্জল এবং ১৭ বছর বয়সী ধিরিয়া শেঠ। নিহত অপর ২৫ বছর বয়সী যুবকের পরিচয় অনুসন্ধানে কাজ করছে পুলিশ। কীভাবে গাড়িটি উচ্চ গতিতে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। একই সাথে দুর্ঘটনাকবলিত এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
(সূত্র: এনডিটিভি)