জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সম্মানে এই প্রাতরাশ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে বিশ্বনেতাদের এই প্রাতরাশ সভায় অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
এছাড়া নিউইয়র্কের স্থানীয় সময় আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীদের সম্মানে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।