শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন একটি পাওয়ার টিলার (ট্রলি গাড়ি) ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। ভোরে গজনী এলাকায় একটি পাওয়ার টিলারে কসমেটিকসের চালান দেখতে পেয়ে সেটি আটক করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের সদস্যরা পাওয়ার টিলার ও মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে ফাঁড়িতে নিয়ে যান।
তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম বুধবার দুপুরে পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একাধিক টহল দল রাতভর সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছিল। এরই ধারাবাহিকতায় ভোরে পাওয়ার টিলারভর্তি ভারতীয় কসমেটিকস আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পাওয়ার টিলার ও ভারতীয় কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। আটক করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।