শেরপুর প্রতিনিধি
নালিতাবাড়ীতে বটগাছ কাটার প্রতিবাদ করায় এক নারীকে নৃশংসভাবে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নন্নী অভয়পুর এলাকা থেকে তাকে আটকের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। এর জেরে গত ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামের এক গৃহবধূর ওপর হামলা চালায় অভিযুক্তরা। লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে তাকে উপর্যুপরি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও উম্মে হানি (২৭) নামের আরও দুইজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।