নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন চরকান্দিপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) নামের এক ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার মধ্যরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসান ওই গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ববিরোধের জেরে বুধবার সকালে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ সোহেল রানা ও আবেদ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের এই সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় হাসান শেখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। সংঘর্ষে গুলিবিদ্ধ অপর আহত ব্যক্তিরা হলেন ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখ। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডের জেরে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরেই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো পক্ষই পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।