সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মারাত্মক সন্ত্রাসীমূলক অপরাধ সংঘটিত করার দায়ে শনিবারই তাদের এই দণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, দণ্ডপ্রাপ্ত আসামিরা বিদেশি বিভিন্ন সন্ত্রাসী সংস্থায় যোগ দান করেছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পুলিশ সদরদপ্তর লক্ষ্য করে গুলিবর্ষণ করা, পুলিশের গাড়ি লক্ষ করে হামলা চালানো, কাছে বেআইনি অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং দেশটিতে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও তার অর্থায়নে সরাসরি জড়িত থাকার প্রমাণ তাদের বিরুদ্ধে মেলায় এই শাস্তি প্রদান করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই পাঁচজনের নামও প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন— মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ।