নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে আরমান ফকির (২১) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারসংলগ্ন নয়াহাটি এলাকায় নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন আরমান।
নিহত আরমান ফকির আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকির বাড়ির সালাউদ্দিন পকিরের ছেলে। তাঁর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে আড়িয়াল খাঁ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শুরুতে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা লাশটি শনাক্ত করতে সহায়তা করেন। এরপর পরিবারের সদস্যরা নিখোঁজ আরমানের লাশ বলে দাবি করেন।
নিহতের ছোট ভাইয়ের ভাষ্য অনুযায়ী, অটোরিকশা চার্জ দিয়ে বাড়িতে থাকা অবস্থায় কারও ডাকে বেরিয়ে যান আরমান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর রবিবার আড়িয়াল খাঁ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, সকাল ১০টা ১০ মিনিটে লাশ পড়ে থাকার খবর পেয়ে রায়পুরা থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, লাশের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরিবারের পক্ষ থেকে লাশটি নিখোঁজ আরমানের বলে দাবি করা হয়েছে। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।
পুলিশ জানায়, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।