ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,  ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্রাতিরিক্ত ডায়েটের খেসারত: স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁচ পাঁজর জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিবকে আটক করল ইসরায়েল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অস্ত্র ব্যবসা: লালমাইয়ে মূলহোতা আটক কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ড ফ্রান্সজুড়ে তীব্র বিক্ষোভের আশঙ্কা: ৭০ হাজার পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন ইরাকে আর কোনো মার্কিন সৈন্য অবশিষ্ট নেই: প্রধানমন্ত্রী আল-জাইদি জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দু’দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সম্ভাব্য হামলা এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগ: ওয়াশিংটনে সাবেক মার্কিন কর্মকর্তা আটক ইউক্রেনের ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি, মধ্যস্থতায় মেলানিয়া ট্রাম্প

গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগ: ওয়াশিংটনে সাবেক মার্কিন কর্মকর্তা আটক


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ১২:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

সাংবাদিক ও অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশক প্রেমিকার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে ফাঁসের অভিযোগে ইয়ান ব্রিঙ্কসম্যান (৪২) নামের এক শীর্ষ সরকারি ঠিকাদারকে গ্রেপ্তার করেছে মার্কিন বিচার বিভাগ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, অভিযুক্তের প্রেমিকা জনপ্রিয় অনলাইন নিউজ ও কন্টেন্ট প্ল্যাটফর্ম ‘সাবস্ট্যাক’-এর একজন স্বতন্ত্র প্রকাশক হিসেবে কাজ করছিলেন।

সংবেদনশীল এই তথ্য ফাঁসের সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানী ওয়াশিংটনে এক ঝটিকা অভিযান চালিয়ে ওই সাবেক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে কেন্দ্র করে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানান, ব্রিঙ্কসম্যান তার গুরুত্বপূর্ণ সরকারি পদ ও অর্পিত দায়িত্বের সুযোগ নিয়ে দেশের অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর গোপন নিরাপত্তা তথ্য সংগ্রহ করেছিলেন। তিনি পূর্ণাঙ্গভাবে জানতেন যে তার প্রেমিকা এসব তথ্য প্রকাশ করবেন, তবুও তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নথিগুলো তার হাতে তুলে দেন। এটিকে সরাসরি আমেরিকার সার্বভৌমত্ব ও সাধারণ জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

 

বিভিন্ন সরকারি নথিপত্র এবং পেশাগত লিংকডইন প্রোফাইলের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ব্রিংকসম্যান ইতিপূর্বে সরাসরি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি 'ডেলয়েট' নামক বিশ্বখ্যাত একটি বেসরকারি সরকারি ঠিকাদারি ও প্রযুক্তি সংস্থায় প্রধান সিস্টেম ইন্টিগ্রেশন ডেভেলপার হিসেবে যোগ দেন। অত্যন্ত স্পর্শকাতর পদে দায়িত্ব পালন করার সুবাদে তার কাছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ছাড়পত্র বা সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল।

 

তদন্তকারী সংস্থা এফবিআই থেকে জানানো হয়েছে, ব্রিঙ্কসম্যান নিজ পদের সুযোগ নিয়ে বারবার অতি গোপনীয় গোয়েন্দা প্রতিবেদনগুলোর ডেটাবেসে প্রবেশ করতেন এবং সেগুলো পর্যবেক্ষণ করার পরপরই নিয়মিত ওই নারী সাংবাদিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। দীর্ঘ অনুসন্ধানের পর এফবিআই কল রেকর্ড, সরকারি ডেটাবেস লগইন হিস্ট্রি, ইমেইল আদান-প্রদানসহ অন্যান্য পোক্ত প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনিভাবে প্রতিরক্ষা তথ্য প্রেরণের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে।

 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘ডিসি এক্সামিনার’-এর জ্যেষ্ঠ সাংবাদিক কায়েলা ডীস এক বিস্ফোরক দাবিতে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সরকারি ঠিকাদারের প্রেমিকা হতে পারেন সাংবাদিক আইদা শাভেজ, যিনি ইতিপূর্বে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন নিয়ে কাজ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত বা অস্বীকার করেনি।

 

গ্রেপ্তারের পর আদালতে হাজির করার প্রক্রিয়ার মধ্যে ব্রিঙ্কসম্যানের পক্ষে নিয়োজিত ফেডারেল পাবলিক ডিফেন্ডার সংবাদমাধ্যমের কাছে কোনো ধরণের বক্তব্য বা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে, আলোচিত এই গুরুতর ঘটনার বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ডেলয়েট কিংবা সংশ্লিষ্ট সাংবাদিক আইদা শাভেজের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর