গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা কাজ করে যাচ্ছে এবং ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছে আরও ১টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের ওই পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডের বিষযটি নিশ্চিত করে কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তবে মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ও ভয়াবহতা বৃদ্ধি পেলে নিকটবর্তী সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ৩টি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে বর্তমানে সর্বমোট ৮টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের আরও ১টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণামতে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে কারখানার ভেতরের ওই গোডাউনে প্রচুর পরিমাণে সুতা ও দাহ্য খালি কার্টন সংরক্ষিত থাকায় অতি দ্রুত আগুনের ভয়াবহতা বহুলাংশে বেড়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।