ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,  ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন ও উত্তর কোরিয়ার নতুন সীমান্ত সেতু উন্মোচন শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামি মোস্তফার বাড়ি ভেঙে মাটি কেটে নিচ্ছে জনতা ৩৯ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১,৮৯৮ গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: শামা ওবায়েদ গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে যেভাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সাতক্ষীরায় থামছে না পানিতে ডুবে মৃত্যু: ১০ মাসে ঝরল ২২ প্রাণ শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু: দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জের নলপাথরে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রূপগঞ্জের নলপাথরে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৫৫ পিএম

শফিকুল আলম ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় বন্ধ হয়ে যাওয়া ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ অবিলম্বে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নলপাথর গ্রামের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর ও নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় রিজেন্ট টাউন আবাসন প্রকল্পের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নলপাথর এলাকার বাসিন্দা বাবুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুর রহিম, কবির হোসেন ভূঁইয়া, সওদাগর আলী, শরীফুল্লাহ মিয়া, নূর নাহার আক্তার ও লিপি আক্তার প্রমুখ।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা বাইপাস সড়কের ৬ লেনের উন্নয়ন কাজ চলমান থাকায় নলপাথর এলাকার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের রাস্তা পারাপারে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এই জনবহুল এলাকায় নিরাপদ পারাপার নিশ্চিত করতে সরকার সম্প্রতি একটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, রিজেন্ট টাউন নামের একটি আবাসন প্রকল্প তাদের ব্যক্তিগত সুবিধার অজুহাতে গত ১৫ অক্টোবর এই জনগুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ রাখলে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হবে এবং যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত নলপাথরের এই ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ পুনরায় চালু করতে হবে। অন্যথায় আগামীতে ঢাকা বাইপাস সড়কে কঠোর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকা প্রদক্ষিণ করে।

এদিকে এ বিষয়ে অভিযুক্ত রিজেন্ট টাউন আবাসন প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, ঢাকা বাইপাস সড়কের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করার পেছনে তাদের কোনো হাত বা সংশ্লিষ্টতা নেই। তবে জনস্বার্থে নলপাথর ফুটওভার ব্রিজটি দ্রুত নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন বলে তারা স্বীকার করেন।


এ সম্পর্কিত আরো খবর