ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,  ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামি মোস্তফার বাড়ি ভেঙে মাটি কেটে নিচ্ছে জনতা ৩৯ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১,৮৯৮ গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: শামা ওবায়েদ গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে যেভাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সাতক্ষীরায় থামছে না পানিতে ডুবে মৃত্যু: ১০ মাসে ঝরল ২২ প্রাণ শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু: দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক রূপগঞ্জের নলপাথরে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

বরগুনায় জেলা বিএনপির নির্দেশ অমান্য করে দোকানে তালা, বিপাকে ব্যবসায়ী


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৫ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ব্যবসায়িক স্টল দখল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতার নির্দেশে তালা লাগিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয় শ্রমিক দল ও মৎস্যজীবী দলের দুই নেতার নেতৃত্বে এই জোরপূর্বক তালা দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই স্টলের ভেতরে থাকা এক ব্যবসায়ীর অন্তত ৫ লাখ টাকার পশু ও মাছের খাদ্য আটকে পড়েছে এবং তাঁর ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


এ ঘটনায় মাদারাসা সুপার শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত বুধবার (২১ অক্টোবর) রাতে আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ড সংলগ্ন মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে।


জানা গেছে, ২০১০ সালে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের নিজস্ব জমিতে সাতটি স্টল ঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া দিয়ে আসছে। এর মধ্যে মাদ্রাসা ভবনের সামনের একটি স্টল গত ১ আগস্ট ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম রিপন তালুকদারের কাছে পজিশন অনুযায়ী ভাড়া দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে সেখানে পশুখাদ্য ও মাছের খাদ্য বিক্রি করে আসছিলেন।


ভুক্তভোগী ব্যবসায়ী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. মোশাররফ হাওলাদার জোরপূর্বক ঘরটি দখলের উদ্দেশ্যে স্টলে তালা ঝুলিয়ে দেন।


খবর পেয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন অবিলম্বে তালা খুলে দেওয়ার সাংগঠনিক নির্দেশ দেন। তবে বিএনপি নেতার নির্দেশকেও আমল না দিয়ে তাঁরা তালা ঝুলিয়ে রাখেন।


ভুক্তভোগী ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন বলেন, "মাদ্রাসা কর্তৃপক্ষের থেকে নিয়ম মেনে ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলাম। কিন্তু হঠাৎ গভীর রাতে আমার দোকান তালাবদ্ধ করে দেওয়া হয়। ভেতরে ৫ লাখ টাকার মাল আটকে থাকায় প্রতিদিন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছি। আমি অবিলম্বে দোকান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।"


ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. শাহজাহান সরদার বলেন, "মাদ্রাসা কর্তৃপক্ষ আগে আমার কাছে ঘরটি ভাড়া দিয়েছিল। তাই আমার ঘরে আমি তালা লাগিয়েছি।" তবে চুক্তিপত্রের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তিনি আরও নিশ্চিত করেন যে, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারের নির্দেশেই তিনি তালা দিয়েছেন।


অভিযোগের বিষয়ে কথা বলতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


এ বিষয়ে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, "মাদ্রাসার সম্পদ জোরপূর্বক দখলের উদ্দেশ্যেই শাহজাহান সরদার ও তাঁর সহযোগীরা তালা ঝুলিয়েছেন। এই অন্যায়ের প্রতিবাদ করায় তাঁরা আমাকে প্রাণনাশের হুমকিও দিয়ে যাচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"


বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন বলেন, "ঘটনাটি শোনার পরপরই দলীয় শৃঙ্খলা রক্ষায় তালা খুলে দিতে বলেছিলাম। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার দায়ভার দল নেবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কারও বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর