জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, প্রবীণ পরিচর্যাকেন্দ্র ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৮ অক্টোবর) কর্মসূচির শুরুতে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। সেখানে তাঁকে চিকিৎসাকাজে ব্যবহৃত উন্নত প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশ্বজুড়ে ব্যবহৃত মাত্র পাঁচটি বিশেষ সিটি স্ক্যানারের একটি এ ক্লিনিকে রয়েছে। পাশাপাশি পেট-সিটি, এমআরআই সুবিধা এবং অটোমেটেড নমুনা সংগ্রাহক রোবট প্রযুক্তির ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এরপর টোকিওর বুনকিও-কু এলাকায় অবস্থিত সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত ‘হংগো’ নামের একটি কমিউনিটি-ভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি নার্সিং ও রোগীদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরে ইউয়েনো পার্কে ঐতিহ্যবাহী টোকিও ন্যাশনাল মিউজিয়ামে যান ডা. জুবাইদা রহমান। মিউজিয়ামে সংরক্ষিত জাপানি ঐতিহ্য ও সংস্কৃতির ঐতিহাসিক স্মারকগুলো প্রত্যক্ষ করেন তিনি। অপরাহ্ণে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ প্রতিনিধিদের সাথে আলোচনা সেশনে অংশ নেয়ার পর জাপানের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য প্রিন্সেস তাকামাদোর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।