ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে ভারতের অন্ধ্র প্রদেশে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ভারী বৃষ্টিপাতে ওড়িশাসহ বিভিন্ন উপকূলীয় এলাকা বিপর্যয়ের মুখে পড়েছে।
বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্র প্রদেশ উপকূলে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে ‘অর্ণব’। আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। ল্যান্ডফল প্রক্রিয়ার পর ঝড়টি ধীরে ধীরে শক্তি হারালেও উপকূলজুড়ে ব্যাপকতায় তছনছ হয়ে পড়েছে ঘরবাড়ি ও যোগাযোগব্যবস্থা।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে অন্ধ্র প্রদেশের ৭১৪টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩১টিরও বেশি বাড়ি ধসে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুৎতের খুঁটি। নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি অঞ্চলের বিমান ও ট্রেন চলাচল বাতিল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার নবরঙ্গপুর, কোরাপুট, মালকানগিরি, গজপতি ও গঞ্জাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ঝড়টি ওড়িশা অতিক্রম করে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে।
একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামসহ দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর।
(সূত্র: বিবিসি ও আনন্দবাজার পত্রিকা)