মাসিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এর ফলে ওই এলাকা ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট ও যান চলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড় ৯টার দিকে রাজপথে নেমে এসে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে অবরোধ তৈরি করায় সড়কে যানবাহন চলাচল থমকে দাঁড়ায়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। বর্তমানে পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
এদিকে ট্রাফিক ব্যবস্থার সার্বিক পরিস্থিতি তুলে ধরে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে জানানো হয়, পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।