নৌ পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া আনুমানিক ২৮ বছর বয়সী যুবক ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের পরনে থাকা জামার পকেটে থাকা একটি আইফোনের সূত্র ধরেই তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
উদ্ধারের সময় নিহতের পরনে ছিল সাদা পাজামা, কালো জামা ও হাতে একটি ঘড়ি। পরে পকেটে পাওয়া আইফোনের সহায়তায় স্বজনদের যোগাযোগ করে পরিচয় জানা যায়। নিহতের বাবার নাম কে এম এনায়েতুর রহমান এবং তাঁদের বাসা রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর রোডে। নৌ পুলিশ জানায়, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।