জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে কুষ্টিয়া জেলা ও শহর আওয়ামী লীগের শীর্ষ তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। আমৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। সাজাপ্রাপ্ত চার আসামির সবাই বর্তমানে পলাতক।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে উসকানি ও প্ররোচনা, কুষ্টিয়ায় সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ এবং ৫ আগস্ট কুষ্টিয়া শহরে আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে তিনটি মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়। নিহতদের মধ্যে ছিলেন আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, বাবলু ফরাজী ও ইউসুফ শেখ। রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল আজ এ রায় ঘোষণা করেন।