ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপান থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করল সরকার নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম সহধর্মিণীকে নিয়ে টয়োটার প্রথম ঐতিহাসিক গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলে জনস্বাস্থ্য দপ্তরের সামনেই ময়লার ভাগাড় রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন: গোলাম পরওয়ার ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

৫ মাস ধরে বিদ্যুৎ নেই

বাউফলে জনস্বাস্থ্য দপ্তরের সামনেই ময়লার ভাগাড়

বারান্দায় তোশকের দোকান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৭:২৬ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্ব যে দপ্তরের, সেই কার্যালয়ের সামনেই জমে উঠেছে ময়লার স্তূপ। পটুয়াখালীর বাউফল পৌরসভার পুরাতন হাসপাতাল এলাকায় স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়ের সামনের সরকারি জায়গাটি এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে। চারপাশ ছেয়ে গেছে ঘন ঝোপঝাড়ে। দীর্ঘদিন ধরে এমন অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজ করলেও তা পরিষ্কারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে এলাকায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে, যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


বুধবার (২৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, কার্যালয়সংলগ্ন সরকারি জায়গাটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এবং গাছপালা ও ঝোপঝাড়ে পুরো এলাকাটি জঙ্গলের রূপ নিয়েছে। শুধু বাইরেই নয়, কার্যালয়টির বারান্দা দখল করে রাখা হয়েছে লেপ-তোশক তৈরির বাণিজ্যিক মালামাল। তদারকির অভাবে স্যানিটারি ইন্সপেক্টরের মূল কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং এর সামনে কোনো সাইনবোর্ডও নেই। সরকার যখন দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে, তখন খোদ স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়ের এমন বেহাল দশা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।


স্থানীয় বাসিন্দাদের গুরুতর অভিযোগ, স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিনকে তাঁর নির্ধারিত কার্যালয়ে নিয়মিত পাওয়া যায় না। কার্যালয়ের আশপাশে অসংখ্য বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রুটির দোকান রয়েছে। প্রতিদিন এই নোংরা পথ দিয়ে শত শত মানুষ চলাচল করছেন।


এ বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, "গত প্রায় পাঁচ মাস ধরে কার্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। বন্যার সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি সেখানে বসেন না। এ ছাড়া মাঠপর্যায়ে কাজ করার কারণেও নিয়মিত কার্যালয়ে বসা হয় না।"


এদিকে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ কার্যালয়ের এই জরাজীর্ণ অবস্থার কথা স্বীকার করে বলেন, "কার্যালয়টি দ্রুত মেরামত করা প্রয়োজন। এ কারণে স্যানিটারি ইন্সপেক্টর শাহাবুদ্দিনকে সাময়িকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর কক্ষে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কার্যালয়টি স্থায়ীভাবে মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে। পাশাপাশি আশপাশের এলাকা দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।" তবে বাস্তবে হাসপাতাল কমপ্লেক্সের যে কক্ষে তাঁর বসার কথা বলা হয়েছে, সেটিও তালাবদ্ধ দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, স্যানিটারি ইন্সপেক্টর কোথায় বসে দাপ্তরিক কাজ করেন, তা তিনি নিশ্চিত নন।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত স্থানে ময়লা ও ঝোপঝাড় জমে থাকলে তা খুব সহজেই এডিস মশার প্রজননস্থলে পরিণত হয়। তাই অবিলম্বে এই ময়লার ভাগার অপসারণ করা জরুরি। স্থানীয় বাসিন্দারা জোর দাবি জানিয়েছেন, দ্রুত এই সরকারি জায়গাটি পরিষ্কার করে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়টি সংস্কার করা হোক এবং সেখানে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করে জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


এ সম্পর্কিত আরো খবর