ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, এইচএসসিতে এগিয়ে ছাত্রীরা


  • আপলোড সময় : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ সময় : ১২:১১ পিএম

২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, এইচএসসিতে এগিয়ে ছাত্রীরাচলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে চরম বিপর্যয় ঘটেছে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

 

এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেননি। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সার্বিক পাসের হার হ্রাস পেলেও ছেলেদের তুলনায় পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

  

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১.১২ শতাংশে এবং মোট জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। লিঙ্গভিত্তিক ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, এ বছর মেয়েদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার মাত্র ৪৭.১৪ শতাংশ। পাসের হার ও ভালো ফলাফলের ধারাবাহিকতায় এবারও ছেলেদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে ছাত্রীরা।  

 

বিভিন্ন বোর্ডের তথ্যে দেখা গেছে, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৪৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ। এ বছর সারাদেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ের কিছুটা পর ৯ সেপ্টেম্বর সমাপ্ত হয়েছিল।    


এ সম্পর্কিত আরো খবর