ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় নিহত ৫ অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ই-রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার নির্ধারণ, ৮ জোনে ভাগ হচ্ছে ঢাকা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সামরিক মনোবল ভাঙন ও ট্রিলিয়ন ডলারের ঋণ: চরম সংকটে ইসরায়েল নির্বাচন শেষ হলেই ইরানে হামলার তাগিদ নেতানিয়াহুর, ট্রাম্পের নজর কূটনীতিতে গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাল্লুকের সঙ্গে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা সংসদের শূন্য ঘোষিত আসনে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত এলিজা জামান

শ্রমিকদের স্বার্থ রক্ষা ও পোশাক কারখানা সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ১০:২৪ এএম

দেশের সার্বিক তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও শ্রমিক অসন্তোষ নিরসনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রাণকেন্দ্র তৈরি পোশাকশিল্পের উৎপাদন এবং পণ্য রপ্তানি কার্যক্রম সব পরিস্থিতিতে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।


রোববার রাতে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং নতুন গঠিত মজুরি বোর্ডকে উপযুক্ত পরামর্শ দিতে বলেছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, তৈরি পোশাকশিল্পের গোড়াপত্তন ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান রয়েছে এবং বর্তমান সরকার চায় এই শিল্প আরও সমৃদ্ধ হোক, রপ্তানি বৃদ্ধি পাউক এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান আরও সম্প্রসারিত হোক।


মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, নিয়মানুযায়ী প্রতি তিন বছর পর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে। ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও সরকারের বিশেষ আন্তরিকতায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের সাথে কথা বলে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বোর্ডের মাধ্যমে আলোচনা করে পরিবারের জন্য সম্মানজনক জীবনযাপনের আর্থিক সক্ষমতা বিবেচনাতেই নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে। তাই অহেতুক সহিংস আন্দোলনের কোনো যুক্তি বা প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন তিনি।


আন্দোলনের নামে বাস-ট্রাকে আগুন, পুলিশ কর্মকর্তা ও বাহনে হামলা এবং কারখানায় নাশকতার কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে সতর্ক করেন, যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও জানান, সরকারের কাছে তথ্য রয়েছে যে নিরীহ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে সীমান্তের ওপার থেকে একটি কুচক্রী মহল এই আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক উৎপাদনকে বাধাগ্রস্ত করা। এই অপতৎপরতা যেকোনো মূল্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মাধ্যমে প্রতিহত করা হবে। বন্ধ হওয়া কারখানাগুলো দ্রুত খুলে দিয়ে মালিক-শ্রমিক সমঝোতার মাধ্যমে শিল্প উৎপাদন সচল রাখার আহ্বান জানান তিনি।


উল্লেখ্য, ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর