ফিনএয়ারের দুটি বিমানে বোমা হামলার হুমকি, তল্লাশিতে ভুয়া প্রমাণিত সম্পাদিত নিউজ:ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ফিনএয়ার পরিচালিত দুটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে জরুরি অবতরণের পর নিবিড় তল্লাশি চালিয়ে এসব হুমকি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। এয়ারলাইন সূত্রে জানা যায়, হেলসিঙ্কি থেকে ইতালির রোমগামী ‘এওয়াই১৭৬১’ নম্বরের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ২৭ মিনিটে নির্ধারিত সময়সূচি মেনেই রোমে পৌঁছায়। ফ্লাইটটিকে নিরাপত্তার স্বার্থে ইতালির সামরিক যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে আসে এবং রানওয়েতে অবতরণ করায়।
ফিনএয়ারের যোগাযোগ ব্যবস্থাপক স্তিনা তুউনানেন জানিয়েছেন, বিমানটি নিরাপদে নামার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেটিতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে বিমানে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। অন্যদিকে, ফিনএয়ারের অধীনে জেটটাইম পরিচালিত হেলসিঙ্কি-ভিয়েনা রুটের আরও একটি বিমানে একইভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
তবে সেই হুমকিটিও মিথ্যা ছিল বলে নিশ্চিত করেছেন স্তিনা তুউনানেন। তিনি আরও জানান, এ ধরনের জরুরি পরিস্থিতি সামাল দিতে বিমান সংস্থার আন্তর্জাতিক নিরাপত্তাবিধি অনুসরণ করা হয় এবং স্থানীয় প্রশাসনিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা হয়। গত এক সপ্তাহে ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দর ও বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে এ ধরনের একাধিক ভুয়া বোমা হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।