মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সমবায়ের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়সংশ্লিষ্ট ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকেরা অংশ নেন।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, বিআরডিবির সভাপতি হামিদুল হক বাবলু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে মানুষের সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা। সংগঠনগুলোকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করা গেলে সাধারণ মানুষ এর সুফল পাবে। এ জন্য সমবায়ীদের মধ্যে ঐক্য, দায়িত্বশীলতা ও অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
জাতীয় সমবায় দিবসের আয়োজনের মধ্য দিয়ে গোয়ালন্দে সমবায় আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে এর গুরুত্ব তুলে ধরা হয়।