বৈশ্বিক কূটনীতির মঞ্চে বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও প্রশংসা নতুন মাত্রা পেয়েছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এ যোগ দিয়ে বিশ্বনেতাদের নজর কেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের গণতান্ত্রিক উত্তরণের পর তার এই বলিষ্ঠ ও রূপান্তরমূলক নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে মূল্যায়ন করছেন। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় আনতালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তার এই ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বুধবার দিনব্যাপী প্রধানমন্ত্রী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এর ফাঁকে তিনি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসব সাক্ষাতে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ দেখান। অন্যদিকে সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে লন্ডনের মেয়রের আগ্রহে তার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয় এবং কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
দ্বিপক্ষীয় বৈঠকগুলোর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে আলোচনা হয়। উজবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানালে তিনি আগামী বছর সফরের আশ্বাস দেন। অপরদিকে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন এবং বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
এছাড়া মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ বৈঠকের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কপ৩১-এর মূল সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।