ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০১ পিএম

অভিবাসন প্রত্যাশীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে সরকার। সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে বা বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই দেশটি থেকে ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) হাতে পেয়েছে সরকার। সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএলের মাধ্যমে আগামী ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় বিনা ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানান, আজ পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে এবং ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুতই কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো অনিবার্য কারণে এক-দুই দিন বিলম্ব হলেও ডিসেম্বরের আগেই ডিএইচএলের মাধ্যমে এই কার্যক্রম শুরু করতে চায় সরকার।


সরকারি এই উদ্যোগের আওতায় বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী প্রেরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই বিশাল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই প্রথম ধাপ হিসেবে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ থেকেই চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।


সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরে মোহাম্মদ রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে সর্বমোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। পরবর্তীতে সবার জন্য সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে মোট ৩০০ জন কর্মীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।


প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন, যাঁরা আজ ১২ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবেন। বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে গণ্য হবেন।


ব্যবস্থাপনা পরিচালক আরও স্পষ্ট করেন যে, এই নিয়োগ কার্যক্রমটি সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসন সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে এবং বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীর কাছ থেকে কোনো ধরনের অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ গ্রহণ করবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিয়োগের কোনো পর্যায়ে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।a


এ সম্পর্কিত আরো খবর