ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেহরানে বাদাম বিক্রি করছেন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানি ৫৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, পথ দেখব: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ এমপির বাড়িতে পেট্রোল বোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৫:১১ পিএম

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নতুন কোনো ঋণের বোঝায় জর্জরিত না করে অনুদান দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ুর প্রভাব মোকাবিলায় বরাদ্দ করার সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন তিনি।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ-৩১’-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাবগুলো তুলে ধরেন। তাঁর এই বক্তব্যে বিশ্বমঞ্চে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জোরালো দাবি আবারও জোরালোভাবে প্রতিফলিত হয়েছে।


সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অত্যন্ত অপ্রতুল এবং উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজন ও অগ্রাধিকারকে এটি যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। জলবায়ু সংকটের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশগুলোর অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর ওপর ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল ও কঠিন করে তুলছে। তাই জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও ঋণের পরিবর্তে অনুদান প্রদান অত্যন্ত জরুরি। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজনের জন্য শক্তিশালী সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’—এই মূল নীতির আলোকে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব পেশ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক তহবিলের অন্তত অর্ধেক অংশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী ব্যয় নিশ্চিত করতে হবে। এছাড়া কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টাকেও সমানভাবে সহায়তা দিতে হবে। জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের মতো জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে উন্নত দেশগুলোর এগিয়ে আসা উচিত।


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব অবস্থান ও সাফল্যের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। সরকার আগামী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা, নদী ও খাল খনন এবং পরিবেশ রক্ষায় বহুমুখী মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কাজ চলছে।


তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটননগরী আনতালিয়ায় চলমান ১১ দিনব্যাপী এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন। আগামী ২০ নভেম্বর এই সম্মেলন সমাপ্ত হওয়ার কথা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর