টাঙ্গাইল প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় রক্তে রঞ্জিত হয়েছিল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রাম। সেই ভয়াল ১৭ নভেম্বরের নির্মম ইতিহাস ও একই পরিবারের সাতজনসহ ৩৩ জন শহীদের আত্মত্যাগের স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় মুক্তিকামী মানুষের অংশগ্রহণে পালিত হয়েছে ঐতিহাসিক ছাব্বিশা গণহত্যা দিবস।
একাত্তরের সেই ভয়াল ১৭ নভেম্বর। চারদিকে আতঙ্ক, স্বজন হারানোর আর্তনাদ আর রক্তে রঞ্জিত হয়েছিল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রাম। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যায় সেদিন প্রাণ হারান একই পরিবারের সাতজনসহ ৩৩ জন নিরীহ মানুষ। স্বজন হারানোর বেদনা আর শহীদদের আত্মত্যাগের স্মৃতি আজও বহন করে চলেছে ছাব্বিশার মানুষ। সেই বেদনাবিধুর ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ছাব্বিশা গণহত্যা দিবস।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ, ভূঞাপুরের উদ্যোগে ছাব্বিশা গ্রামে একাত্তরের গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও মুক্তিযুদ্ধ গবেষক মামুন তরফদার, সহসভাপতি মো: আব্দুস সালাম, মো: শাহজাহান মিঞা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাজাহান আলী, একামত আলী তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় একাত্তরের গণহত্যার নির্মম ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামে নৃশংস গণহত্যা চালায়। এ ঘটনায় একই পরিবারের সাতজনসহ ৩৩ জন নিরীহ মানুষ শহীদ হন। তাঁদের এই আত্মত্যাগ বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাবিধুর ও স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।
প্রতিবছর ১৭ নভেম্বর দিবসটি পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। তবে শুধু স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে ছাব্বিশার এই রক্তাক্ত ইতিহাস নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেওয়া এবং গণহত্যার প্রকৃত স্মৃতি সংরক্ষণ করাই হোক এই দিবস পালনের অন্যতম প্রধান অঙ্গীকার।