নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ধানের বীজ প্যাকেটজাত করার অভিযোগে সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভুয়া ঠিকানা ব্যবহার করে মুদ্রিত বিপুল পরিমাণ গমের বীজের মোড়ক জব্দ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে ধানের বীজ প্যাকেটজাত করার সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। এসব মোড়ক পরিদর্শন করে দেখা যায়, প্যাকেটজাত বীজের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। এ ছাড়া প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় দিনাজপুরের বীরগঞ্জের ভুয়া ঠিকানা ব্যবহার করে ছাপানো বিপুল পরিমাণ গমের বীজের মোড়কও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ রুহুল আমিন ও উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ শরীয়তুল্লাহ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, কৃষকের স্বার্থ রক্ষা মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সচেষ্ট রয়েছে। বীজ ব্যবসায় প্রতারণা, অনিয়ম ও ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি শাম্মী আক্তার বলেন, কৃষকদের কাছে মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং বীজের বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে ।