ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সরকারি খরচ দেড় লাখ, মালয়েশিয়া যেতে চাওয়া হচ্ছে ৬ লাখ টাকা


  • আপলোড সময় : রবিবার ২২ নভেম্বর, ২০২৬ সময় : ১:১৪ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ ঘিরে বিদেশগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হলেও, শুরুতেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সক্রিয় দালালচক্র। শ্রমবাজার পুরোপুরি চালু হওয়ার আগেই স্বাস্থ্য পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার অভিযোগ সামনে আসতে শুরু করেছে। অতীতে মেডিকেল পরীক্ষার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তিক্ত অভিজ্ঞতা থাকায় এবারও অসংখ্য কর্মী একই ধরনের প্রতারণার শিকার হবেন কি না, তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।


মালয়েশিয়ায় কর্মসংস্থানের আশায় অতীতে বহু বাংলাদেশি সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের কয়েক গুণ বেশি অর্থ খরচ করেছেন। কিন্তু বিপুল পরিমাণ টাকা দিয়েও অনেকেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি; কাউকে কাউকে কাটাতে হয়েছে মানবেতর বন্দিদশায়।


এবার মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ঘোষণার পর দুই দফায় ২৫টি এজেন্সির আওতায় ৩১২টি রিক্রুটিং এজেন্সি এবং ৫০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে তালিকা প্রকাশের পরও কর্মী নিয়োগের সামগ্রিক প্রক্রিয়া এবং বিদেশ যেতে মোট কত টাকা খরচ হবে, তা নিয়ে এখনো স্পষ্টতা তৈরি হয়নি। একদিকে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিবাসন ব্যয়ের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিদেশগামীদের কাছে কয়েক গুণ বেশি অর্থ দাবি করার অভিযোগ উঠছে।


প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মীর মালয়েশিয়া যেতে খরচ হবে ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২ লাখ টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন কর্মীরা। কিন্তু সরকারের এই ঘোষণার সঙ্গে মাঠপর্যায়ে বিদেশগামীদের কাছে চাওয়া অর্থের আকাশ-পাতাল পার্থক্য দেখা যাচ্ছে।


প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বেসরকারিভাবে কর্মী পাঠানোর ক্ষেত্রেও সরকার নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে ব্যয় হবে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত নিয়মের বাইরে অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তবে মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য পাসপোর্ট জমা নেওয়ার পাশাপাশি দেশটিতে যাওয়ার জন্য অনেকের কাছে ৫ থেকে ৬ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগেরবার স্বাস্থ্য পরীক্ষার নামে বিপুল অর্থ আদায়ের অভিযোগ থাকায় নতুন করে একই প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিদেশগামীরা।


মালয়েশিয়াগামী এক কর্মী জানান, ২০২৪ সালেও সরকার কম খরচে কর্মী পাঠানোর কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত কলিং ভিসায় মালয়েশিয়া যেতে অনেককে ৫ লাখ টাকার বেশি খরচ করতে হয়েছে। ফলে এবারও সরকারি ঘোষণার সঙ্গে বাস্তব খরচের মিল থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আরেক কর্মীর অভিযোগ, তার কাছে সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা চাওয়া হয়েছে, অথচ সরকারের নির্ধারিত খরচ অনেক কম। এত বড় ব্যবধানের কারণ জানতে চাইলেও তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাননি।


ফলে শ্রমবাজার চালুর উদ্যোগের মধ্যেই কর্মীদের মাঝে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলিং ভিসায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরুর আগেই দালালচক্রের তৎপরতার অভিযোগ সামনে আসায় আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে অভিবাসন বিশ্লেষকরা ব্যয় নির্ধারণের পাশাপাশি পুরো নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।


অভিবাসন বিশ্লেষক আসিফ মুনির বলেন, কর্মীরা যদি সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যেতেন এবং সেখানে সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতেন, তাহলে পুরো প্রক্রিয়ার দায়িত্ব সরকার নিতে পারত। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কীভাবে নির্ধারিত খরচ নিশ্চিত করবে, সেটিই এখন বড় বিবেচনার বিষয়।


এদিকে সম্প্রতি ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার, যা বাস্তবায়িত হলে কর্মীদের একটি অংশের আর্থিক চাপ কমবে। তবে সামগ্রিকভাবে শ্রমবাজার চালুর প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার শঙ্কা থেকেই যাচ্ছে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কতটা স্বচ্ছ ও নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় কর্মী পাঠানো সম্ভব হবে, সেটিই এখন দেখার বিষয়।


এ সম্পর্কিত আরো খবর