সিরাজগঞ্জ প্রতিনিধি / : 150
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
চৌহালী উপজেলার মুরাদপুরের কাউলিয়া চর এলাকায় অস্থায়ী খামারে কৃষককে হত্যা করে ৩টি
গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। বিষয়টি নিশ্চিত করেছেন, চৌহালী থানা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।
মঙ্গলবার
(২১ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে এই ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুরের
কাউলিয়া চর এলাকায়। এঘটনায় নিহত কৃষক তারা মিয়া, খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া
গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ
সুত্রে জানা যায়, গরু পালন ও চাষাবাদের জন্য তারা মিয়া তার নাতি ইব্রাহিমকে সঙ্গে
নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। গভীর রাতে ১০ থেকে
১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ইব্রাহিমকে বস্তাবন্দী করে এবং
তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ডাকাত দল খামার থেকে
৩টি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।
চৌহালী
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ওই কৃষককে হত্যার পর
অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুইটি গরু নিতে পারেনি, গরু দুটিকে
অন্যত্র পাওয়া গেছে। যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত
করা খুবই কঠিন কাজ। আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আকাশজমিন/আরআর