কিশোরগঞ্জ ব্যুরোঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন (৯) ও তাইয়েবা আক্তার (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পিটুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত ইয়াসমিন উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও তাইয়্যেবা আক্তার রাসেল মিয়ার মেয়ে।তারা পরস্পর চাচাতো বোন ছিল। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় ইয়াসমিন ও তাইয়্যেবা আক্তার। তারা বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের সদস্যরা পুকুরপাড়ে যায়। সেখানে গিয়ে মগ এবং জামাকাপড় পানিতে ভাসতে দেখেন। আশেপাশে কোথাও ইয়াসমিন এবং তাইয়্যেবাকে দেখতে না পেয়ে পুকুরের পানিতে নেমে পড়েন এলাকাবাসী। তারা পুকুরে ডুব দিয়ে খুঁজে শিশুদের পানি থেকে উদ্ধার করে।
পরে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার এসআই অভিজিৎ পোদ্দার।