সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সাতক্ষীরা বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শোনা হয়েছে। এসব সমস্যা সমাধানের পথ ও সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। এখন সমস্যাগুলো থেকে উত্তরণের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মন্ত্রী সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভায় আইনমন্ত্রী সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদকমুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে সামারি ট্রায়াল করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।
বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার ক্ষেত্রে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বিচারকদের কর্মঘণ্টা সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলা জট কমাতে হবে।
স্থানীয় বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। সাতক্ষীরায় নতুন করে যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে, সেখানে অতি দ্রুত বিচারক ও স্টাফ নিয়োগ দেওয়া হবে।
পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন। বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আরও একটি দলীয় সভায় মন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।