নাটোর প্রতিনিধি
নাটোরে যাত্রীবাহী বাস-সিএনজি (থ্রি হুইলার) সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন সিএনএজি চালক সদর উপজেলার হারিগাছা গ্রামের মো. বাবু (৪০) ও অপরজন অজ্ঞাত পরিচয় (৩৫)। আহত দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে সিএনজি (ত্রি-হুইলার) চালক রাজশাহী থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে আসছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল।
পথে বিকেল সোয়া পাঁচটার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজি-যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা অজ্ঞাত পরিচয় একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অপর তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক বাবুর মৃত্যু হয়। আহত ২ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত যাত্রী নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, নিহত একজনসহ আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তর কাজ চলছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আকাশজমিন/আরআর