নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম জিয়াউল হককে মারধর করে ‘মব সৃষ্টি’ করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও ভয় ও আতঙ্কে জিয়াউল হক বিদ্যালয়ে আসতে পারছেন না। ভুক্তভোগী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, ৯ সেপ্টেম্বর শিক্ষার মানোন্নয়নে সাধারণ সভা চলাকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফ তছিকুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে মূল আলোচ্য বিষয় বাদ দিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা শুরু করেন। একপর্যায়ে বহিরাগতদের নিয়ে ‘মব সৃষ্টি’ করে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন। শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে সভা ত্যাগ করেন।
এদিকে বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক আজিজুর রহমানের অবৈধ এমপিওভুক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে জিয়াউল হককে চাপ প্রয়োগ করা হয়। অভিযোগ প্রত্যাখ্যানের কারণে জিয়াউল হককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মহীউদ্দিন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফ তছিকুল ইসলাম বলেন, তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
আকাশজমিন/আরআর