শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর ওয়েলিগামায় এক বিরোধী দলীয় রাজনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুরে নিজ কার্যালয়ে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। নিহত রাজনীতিকের নাম লাসান্থা বিক্রমাসেকারা (৩৮)। তিনি ওয়েলিগামা কাউন্সিলের চেয়ারম্যান এবং শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়া (এসজেবি)-এর সদস্য ছিলেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বিক্রমাসেকারা স্থানীয় ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন। সেই সময় এক বন্দুকধারী হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে। ঘটনাস্থলেই বিক্রমাসেকারা নিহত হন। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হননি।
পুলিশ জানিয়েছে, হামলাকারী গুলি চালানোর পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কলম্বো পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য পরিষ্কার নয়, তবে স্থানীয় রাজনীতিকদের মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধী দল এসজেবি ও ক্ষমতাসীন দলের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র উত্তেজনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই হত্যাকাণ্ড শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
চলতি বছরে দেশটিতে সহিংস অপরাধের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত শতাধিক গোলাগুলির ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এসব অপরাধের বেশিরভাগই স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত।
গত বছর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ক্ষমতায় আসার পর এটি প্রথম কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা তার সরকারের জন্য এ হত্যাকাণ্ড বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী কলম্বোর একটি আদালতে ঢুকে এক আসামিকে গুলি করে হত্যা করেছিল। সেই সময়ও দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
সূত্র : এএফপি
আকাশজমিন / আরআর