নড়াইল প্রতিনিধি
নড়াইলের সীমান্ত ঘেঁষা মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতা নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর, মশাখালী এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে দলদারি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। মশাখালী গ্রামের তৌহিদুর মেম্বার ও মোবারকপুরের কাইজার মোল্যা দলের এক শিবিরের নেতৃত্ব দেন, অন্যদিকে মোবারকপুরের নজরুল মোল্যা ও মশাখালির আলমগীর ফকিরের নেতৃত্বে বিরোধী শিবির গড়ে ওঠে। সম্প্রতি বিএনপির মাগুরা-২ আসনে মনোনয়ন নিয়ে দুই শিবির বিভক্ত হয়ে দ্বন্দ্বে জড়ায়।
গত রাতে বিএনপির ২৩৭ আসনে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়ন লাভ করলে উত্তেজনা বৃদ্ধি পায়। রাতের সংঘর্ষে তিনজন আহত হওয়ার পর মঙ্গলবার সকালে দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৫ জন আহত হন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রহমান নিশ্চিত করেছেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, নড়াইল ও মাগুরার সীমান্ত এলাকায় সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে, আরও পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।