সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ভূমি সন্ত্রাসীদের হামলা ও মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিকার পেতে এক ব্যতিক্রমি প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন শিক্ষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দেওয়া গ্রামে তার নিজ বাড়িতে আয়োজন করা হয় অনন্য এই ‘গৃহ-মানববন্ধন’। সকাল ৯টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং অসহায় এই পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।
মাওলানা মহিউদ্দিন অভিযোগ করেন, তার ক্রয়সূত্রে পাওয়া ৮ কাঠা জমি অবৈধভাবে দখল নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র করে আসছেন এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও নারী নির্যাতনকারী মতিয়ার রহমান, যিনি এলাকায় ‘ভাটা মতি’ নামেই বেশি পরিচিত। জমি দখলের লক্ষ্যে ইতোমধ্যে একাধিকবার ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ২৩ অক্টোবর মতিয়ার রহমানের নেতৃত্বে একদল ভূমি সন্ত্রাসী হঠাৎ তার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির নারীদের ওপর নির্বিচারে মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় মহিউদ্দিন নিজেও রক্ষা পাননি। এ নৃশংস ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি একজনকেও গ্রেপ্তার করা হয়নি বলে দাবি পরিবারের।
বরং হামলার শিকার পরিবারটির বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা করা হয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন। আইনি প্রতিকার না পেয়ে এবং আর্থিক সক্ষমতা না থাকায় উপজেলা বা জেলা শহরে বড় পরিসরে কর্মসূচি করতে পারেননি বলে জানান মাওলানা মহিউদ্দিন। তাই বাধ্য হয়ে নিজ বাড়িতেই ‘গৃহ-মানববন্ধন’ আয়োজন করেন তারা।
তিনি বলেন, “আমরা গরীব বলে কি আমাদের ন্যায়বিচার পাওয়া যাবে না? আমরা কি বারবার হামলার শিকার হতে থাকব? আমাদের পাশে মানবিক মানুষদের দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ন্যায়বিচার পেতে আমরা শান্তিপূর্ণ উপায়ে এই কর্মসূচি করেছি।”
গৃহ-মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মহিউদ্দিন মোড়ল, মোঃ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল জলিল, মোঃ আব্দুল হামিদ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোছাম্মদ মোমেনা বেগম, মোছাম্মৎ আফরোজা খাতুন, মোছাম্মৎ মাসুরা খাতুন ও মোছাম্মদ রহিমা খাতুন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ ব্যতিক্রমি কর্মসূচি এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় অনেকেই পরিবারটির প্রতি সংহতি জানিয়ে ভূমি দস্যুদের দৌরাত্ম্য ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।
আকাশজমিন / আরআর