ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের সংশোধনীসহ ১৮ প্রকল্প অনুমোদন


রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে সোমবার একনেক বৈঠক অনুষ্ঠিত হয়।

  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মেট্রোরেল লাইন-৬ প্রকল্পের তৃতীয় সংশোধনীসহ মোট ১৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে খরচ হবে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয় করা হবে।

একনেকের বৈঠক রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিং করেন। এই ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতারসহ অন্যান্য পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, মানসম্পন্ন আলু বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ। এছাড়া গ্যাস অনুসন্ধানের জন্য তিনটি কূপ খনন এবং ঢাকার মিরপুরে ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬টি জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং সচিবালয়-পরিবহণ পুল-মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সিরাজগঞ্জ-রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন, নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্স আরবান ডেভেলপমেন্ট, অটিজম ও এনডিডি সেবা প্রদান প্রকল্প, জাপান হিউম্যান ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবনী ইকোসিস্টেম উন্নয়ন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

ক্লাইমেট রেসপন্সিভ রিপ্রডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস প্রজেক্ট, এস্টাবলিশমেন্ট অব এসেনসিয়াল অ্যান্ড বায়োটেক রিসার্স সেন্টার, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পও অনুমোদনের মধ্যে রয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সত্ত্বেও একনেক ও মন্ত্রিপরিষদের বৈঠক চলবে। তবে একনেকে উপস্থাপন করা সত্ত্বেও সচিবালয়ে নতুন ভবন নির্মাণ এবং স্বাস্থ্য খাতের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি, সেগুলো পর্যালোচনার জন্য ফের পাঠানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এখনও দুর্নীতি কমেনি; তবে প্রকল্পের ঠিকাদার সংক্রান্ত দুর্নীতি উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে এসেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর