ঈশ্বরদী প্রতিনিধি
ঈশ্বরদী রেলগেটের যানজট মুক্ত করতে আন্ডারপাস নাকি ওভারপাস নির্মাণ করা হবে তা পরিকল্পনায় রয়েছে। একই সঙ্গে রেলওয়েকে আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মইনউদ্দিন জানিয়েছেন, রেলওয়ের কন্ট্রোল অফিসসহ বিভিন্ন জায়গায় আধুনিকায়ন কার্যক্রমের জন্য ট্রান্সপোর্টেশন হাবগুলো সরেজমিনে পর্যবেক্ষণ চলছে।
মঙ্গলবার সকালে বেগম জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান ও ব্যক্তিগত সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাকশী রেস্ট হাউজে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মইনউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন। এর আগে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শেখ মইনউদ্দিন। তিনি রেলের বিভিন্ন সমস্যা ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মীর লিয়াকত শরীফের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন, প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম, প্রধান পরিবহন কর্মকর্তা আহসান উল্লাহ ভুঁইয়া, বাণিজ্যিক কর্মকর্তা গৌতম সাহা, ডিইএন/ওয়ান আব্দুল হানিফ, ডিইএন/টু নাজিব কাইসার, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, ডিএমই লোকো ময়েন উদ্দিন, ডিএমই ক্যারেজ রবিউল ইসলাম, ডিটিও হাসিনা বেগম, ডিএসটিই সংকেত আহমেদ ইসতিয়াক জহুর, ডিএসটিই টেলিকম সৌমিক শাওন কবীর, ডিইই রিফাত সশাকিল ও এইএন আবু জাফর।
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও রেল শ্রমিক দলের সভাপতি সোহেল রানা সহ স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও রেল শ্রমিক দলের পক্ষ থেকে ২৮টি দাবি সম্বলিত পৃথক স্মারকলিপি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট ট্রেনের স্টপেজ নিশ্চিতকরণ, ঈশ্বরদী ও পাকশী এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি।
প্রধান অতিথি ডাক্তার শেখ মইনউদ্দিন পাকশী বিভাগীয় কন্ট্রোল অফিস ও হার্ডিঞ্জব্রীজ এলাকায় নৌকাযোগে পরিদর্শন করেন এবং সেখানে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষণ করেন। ডক্টর শেখ মইনউদ্দিন বলেন, “রেলওয়ের আধুনিকায়ন সময়ের দাবি। শুধুমাত্র যানজট নিরসন নয়, রেল ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। আমরা ট্রান্সপোর্টেশন হাবগুলো সরেজমিনে পরিদর্শন করে কোথায় কী ধরনের আধুনিকায়নের প্রয়োজন তা খতিয়ে দেখছি।”
তিনি আরও বলেন, “ঈশ্বরদীর রেলগেট এলাকায় যানজট নিরসনের জন্য আন্ডারপাস করা ভালো হবে না ওভারপাস করা ভালো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা পরিকল্পনার অংশ। আমরা দ্রুত এ সমস্যার সমাধান করতে চাই।” ডক্টর শেখ মইনউদ্দিন বলেন, “সরকার রেলপথকে আধুনিক করে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট। পাকশী বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি, যাতে পরিকল্পিত উন্নয়ন সম্ভব হয়।”
আকাশজমিন / আরআর