নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাত দলের হাল ধরলেন ডাকাত সরদার তুষারের স্ত্রী। তার নির্দেশে মোঃ দুলু শেখ (৪৫) নামে এক ইজিবাইক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা চালানো হয়েছে। আহত দুলু শেখকে মুমূর্ষ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি দিঘলিয়া ইউনিয়নের মোঃ হিরু শেখের ছেলে। হামলার শিকার দুলু শেখ জানান, ঘটনার বিস্তারিত উল্লেখ করে শীঘ্রই লোহাগড়া থানায় এজাহার দায়ের করবেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি বিকেলে লক্ষীপাশা স্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে উপজেলার রাজুপুর গ্রামের রাকিব মন্ডল (২৮) ও ঘাগা গ্রামের মৃত্যু নজির মোল্লা ছেলে মোঃ হান্নান মোল্লা (৪০), মোঃ সাদ্দাম মোল্লা (৩০), মান্নান মোল্লা, আকাশ মোল্লা (২৫) ও তাদের অজ্ঞাত কয়েকজন সহযোগী দুলু শেখের ইজিবাইক ভাড়া নেয়।
এক নারীসহ ওই ব্যক্তিরা ইজিবাইকযোগে দিঘলিয়া তেলপাম্পের সন্নিকটে কবরস্থানের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে সেখানে থাকা নোয়াগ্রামের মুজিবর শেখ, আবু সাইদ শেখ, মোঃ মাহাবুর শেখ, তুষার শেখের স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাত পরস্পর যোগসাজশে দুলু শেখকে ঘিরে ধরে ধারালো অস্ত্র ও রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে।
এ সময় হামলাকারীরা দুলু শেখের কাছ থেকে নগদ চার হাজার টাকা ও ইজিবাইক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।