ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৫৭ পিএম

যুক্তরাজ্য কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর লন্ডনে ফিলিস্তিনি দূতাবাস উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) লন্ডনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দূতাবাসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

পশ্চিম লন্ডনে ফিলিস্তিন মিশন হিসেবে পরিচিত অফিসের সামনে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, “আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী—যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ।”

যুক্তরাজ্য ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়ার পর মিশনটি দূতাবাসে উন্নীত হয়। সে সময় অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশ একই পদক্ষেপ গ্রহণ করে। এ সময় গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তুঙ্গে ছিল।

কালো-সাদা কেফিয়াহ স্কার্ফ পরিহিত জোমলত বলেন, এটি ‘শুধু নামের পরিবর্তন নয়’, বরং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে ‘দিক পরিবর্তন’। তিনি আরও বলেন, “নতুন বছর আমরা কী অসাধারণভাবে শুরু করছি—ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে এক গভীর মাইলফলক এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ যাত্রায় এক অধ্যায়। এটি আশার দিন, দৃঢ়তার দিন এবং এমন এক দিন, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি অনিবার্য।”

উদ্বোধন অনুষ্ঠানে ফিলিস্তিনি ও ব্রিটিশ পতাকা-সংবলিত মঞ্চে বক্তব্য দিতে গিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন এই ঘটনাকে ‘আশার মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, যুক্তরাজ্য ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের দূতাবাস খোলার পরিকল্পনা করছে কি না তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে নি। তবে ব্রিটেনের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি স্বীকৃতি ও শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়িত হচ্ছে।

ফিলিস্তিনি দূতাবাস উদ্বোধন ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


এ সম্পর্কিত আরো খবর