বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নেতাকর্মীদের হয়রানি করতে পরিকল্পিতভাবে এসব হামলা ও মামলা করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ২টার দিকে বাউফল উপজেলার হাসান দালাল মার্কেটে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারী। তিনি অভিযোগ করেন, গত ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ৭৭ নম্বর চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থানীয় জনগণ জানতে পারেন, সেখানে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি জানার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি বলেন, সেখানে গিয়ে তারা দেখতে পান, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের কিছু লোক একত্রে বৈঠক করছে। বৈঠকের উদ্দেশ্য জানতে চাইলে উপস্থিত আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।
বেল্লাল ব্যাপারী জানান, ঘটনার পর বিএনপির পক্ষ থেকে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগের যথাযথ তদন্ত না করে উল্টো অভিযুক্ত পক্ষ নিজেদের অপরাধ আড়াল করতে নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা নিজেরাই নিজেদের দোকান ভাঙচুর করে তা বিএনপির ওপর চাপানোর চেষ্টা করেছে। এমনকি নিজেরাই নিজেদের শরীরে আঘাত করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে।
লিখিত বক্তব্যে বেল্লাল ব্যাপারী দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যে জামায়াত-আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে একটি ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, বারবার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, যদি প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটন না করা হয়, তাহলে তারা আইনগত ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাবেন। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।
আকাশজমিন / আরআর