মুন্সীগঞ্জের মহেশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যাংক কর্মকর্তাকে ফাঁসাতে নিজ বসতঘরে চুরির ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে নাজমুল হাসান সাগর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা গেছে, মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেনের সাথে নাজমুল হাসান সাগরের জমি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
গত রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে নাজমুল হাসান সাগরের বসতঘরে চুরির ঘটনা ঘটে। চুরির এই ঘটনাকে পুঁজি করে নাজমুল হাসান সাগর বিভিন্ন মাধ্যমে ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেনকে ফাঁসানোর চেষ্টা করছেন এবং ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
শনিবার (১৭ জানুয়ারি) ঘটনাস্থলে সরেজমিন দেখা যায়, ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের দাবি, নাজমুল হাসান সাগর সম্পত্তির সীমানার ভেতরের ৪/৫ হাত জায়গা দখল করে ইট-সিমেন্টের বাড়ি নির্মাণ করেছেন। প্রতিবাদ করার পর গত ৫/৬ মাস আগে নাজমুল হাসান সাগর প্রভাব দেখিয়ে আবুল হোসেনকে মারধর করে রক্তাক্ত জখম করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
নাজমুল হাসান সাগরের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, “ঘরে চুরি হয়েছে, কে বা কারা করেছে আমরা জানি না। আমরা কাউকে উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করিনি। থানায় অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করছেন।”
গ্রামের এক বাসিন্দা মাকসুদা বেগম জানান, আবুল হোসেন গ্রামে থাকেন না, তিনি শহরে বসবাস করেন। সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চুরির ঘটনায় তাকে জড়ানোর চেষ্টা হচ্ছে, তবে গ্রামের মানুষ মিথ্যা অপপ্রচার মেনে নেবে না।
ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, “নাজমুল হাসান সাগর একজন সেনাবাহিনীর কর্পোরাল। তিনি প্রভাব খাটিয়ে আমার সম্পত্তির ভেতরের ৪/৫ হাত জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন। প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়েছে। এছাড়াও নিজের ঘরে চুরির ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসাতে চাইছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”
নাজমুল হাসান সাগর জানান, “আবুল হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছে। ১১ জানুয়ারি আমার বাসায় চুরি ঘটেছে। আমি বলিনি এটি আবুল হোসেনের নেতৃত্বে হয়েছে। স্থানীয়ভাবে গ্রামবাসীর মাধ্যমে অনুমোদিত স্থানেই বাড়ি নির্মাণ করেছি।”
মুন্সীগঞ্জ সদর থানার এসআই খালেকুজ্জামান জানান, চুরির ঘটনায় অজ্ঞাতনামা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগীর কথাও শুনেছি। এলাকাবাসী বলছে এটি সাজানো নাটক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন / আরআর