ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

ভারতের বদলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ ভেন্যু নিয়ে আলোচনা


  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:১৬ পিএম

অনলাইন রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিসিবি। বৈঠকে বাংলাদেশ কেন ভারতে খেলতে চাচ্ছে না, তা বিস্তারিতভাবে আইসিসিকে জানানো হয়। একই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু নির্ধারণের আহ্বান পুনরায় জানানো হয়েছে।

এর আগে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হলেও এবার সরাসরি আলোচনার জন্য ঢাকায় আসেন আইসিসির প্রতিনিধি দল। তবে ভিসা জটিলতার কারণে আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। অন্যদিকে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে বিসিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলোচনা অত্যন্ত গঠনমূলক ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিসিবি তাদের আগের অবস্থানেই অটল রয়েছে। খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার স্বার্থে ভারতে খেলবে না বাংলাদেশ। সরকারের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের বিষয়টিও আইসিসিকে স্পষ্টভাবে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আলোচনায় লজিস্টিক সংক্রান্ত জটিলতা যতটা সম্ভব কমিয়ে এনে সমাধানে পৌঁছানোর উপায় নিয়েও কথা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মূলত গ্রুপ পরিবর্তন করা গেলে সূচি ও ভেন্যু পরিবর্তন আইসিসির জন্য তুলনামূলকভাবে সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার মতো বিকল্প ভেন্যু সামনে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিসিবির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। তাই কেবল প্রতিযোগিতার স্বার্থে আপস করার প্রশ্নই ওঠে না। আইসিসির পক্ষ থেকেও জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া এবং পরবর্তী সময়ে নিরাপত্তা সংশ্লিষ্ট নানা আশঙ্কার পর থেকেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি। ভবিষ্যতে আরও আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষ।



এ সম্পর্কিত আরো খবর