শিবগঞ্জ প্রতিনিধি / : 79
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, রামদা, ছুরি ও কুঠারসহ মোট সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার মোকামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাজিব ইসলাম (২৫), পার টেপাগাড়ী গ্রামের সাইফুল কাজীর ছেলে সুলতান মাহমুদ (১৬) এবং পার আঁচলাই গ্রামের জাফরুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে যৌথ বাহিনীর একটি টহল দল শনিবার ভোরে মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির কারণে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চাপাতি, রামদা, ছুরি ও কুঠারসহ মোট সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি মোকামতলা ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা, ভয়ভীতি প্রদর্শন ও সংঘর্ষের আশঙ্কায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। যৌথ বাহিনীর এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার দুপুরে যথাযথ পুলিশ পাহারায় তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি।
আকাশজমিন / আরআর